
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে অবস্থিত তাঁর বহুতল বসতবাড়ি ও সামনে রাখা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত সোনাপুর গ্রামে সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায় এবং ঘরের ভেতরে ও সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাড়ির আসবাবপত্র ও তিনটি ট্রাক পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সময় বাড়িতে তাঁর ভগ্নিপতি রফিকুল ইসলাম ছাড়া আর কেউ ছিলেন না, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এরপর পেট্রোল ঢেলে ঘরের তিনটি কক্ষে এবং বাড়ির সামনে পার্কিং করা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, হাজী রহিম উল্লাহ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এ ছাড়া সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এআইএল/সকালবেলা