
বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালিয়ে মালামাল বাইরে এনে আগুন দেওয়া হয়েছে। একই সময় সংসদ সদস্যের মালিকানাধীন একটি বেসরকারি ক্লিনিকেও ভাঙচুর চালানো হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ডা. কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে জেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত এমপি বাবরের মালিকানাধীন 'আরাফ ক্লিনিকের' সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। ক্লিনিক ভবনের নিচতলায় তাঁর ব্যক্তিগত অফিস কক্ষ ছিল। একপর্যায়ে হামলাকারীরা অফিসের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র বাইরে বের করে আনেন এবং সেগুলোতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় ক্লিনিকটিতেও ভাঙচুর চালানো হলে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে অনেক রোগী অন্যত্র চলে যান।
স্থানীয় সূত্রগুলো আরও জানিয়েছে, একই দিন জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানে ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বসতবাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনেও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এআইএল/সকালবেলা