
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আনোয়ার হোসেন পারভেজ নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবক ও তাঁর স্ত্রীকে আটক করে। পরে তাঁদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফেনী শহরের গার্ডেন সিটির সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন পারভেজের ওপর ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা। রাতে শহরের গার্ডেন সিটির সামনে তাঁকে পেয়ে উত্তেজিত জনতা ঘিরে ধরেন এবং গণপিটুনি দেন। খবর পেয়ে ফেনী মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আনোয়ার হোসেন পারভেজ ও তাঁর স্ত্রীকে আটক করে।
তবে পুলিশ তাঁদের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পারভেজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফেনী মডেল থানার দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ধর্মীয় কটূক্তির অভিযোগে ওই দম্পতিকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা