
নিজস্ব প্রতিবেদক: নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের সঞ্চালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, তৈরি পোশাকশিল্পের সার্বিক অবস্থা এবং সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী দলীয় এমপিদের নিজ নিজ এলাকায় গিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছিল। অধিবেশন শুরুর প্রাক্কালে সরকারি দলের সংসদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সে হিসেবে চলতি অধিবেশনে এটি ছিল সরকারি দলের দ্বিতীয় সংসদীয় দলের বৈঠক। সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘটার কথা রয়েছে।
এআইএল/সকালবেলা