
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই সঙ্গে এনআইডি কেন্দ্রিক সব ধরনের দুর্নীতি ও ভোগান্তি নির্মূলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
কর্মশালায় উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি এ এম এম নাসির উদ্দীন নিজের অস্বস্তির কথা প্রকাশ করে বলেন, "পত্রপত্রিকায় যখন এনআইডি সেবায় হয়রানি শব্দটা দেখি, আমি খুব অস্বস্তি বোধ করি। এটি আর কীভাবে ব্যবহার হবে না—সেই পরামর্শ দিন। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে, এটা থেকে মুক্তির জন্য কার্যকর পরামর্শ দেবেন। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেবা পায়, তা যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে।"
আবেদনকারীদের ভোগান্তি কমাতে কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, "দয়া করে যেকোনো চিঠি বা আবেদন পাওয়ার পরে আপনারা আবেদনকারীকে জানাবেন যে আমরা এটা বুঝে পেয়েছি, তাহলে আবেদনের একটা হদিস থাকবে। জনসাধারণের কথা চিন্তা করে আমাদের সমাধান বের করতে হবে। পাশাপাশি সঠিক নিয়মে আবেদন করার বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করা দরকার।"
কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সিইসি বলেন, "আমি সমস্যার সমাধান চাই। মানুষ হয়রানির শিকার হোক তা চাই না। এ নিয়ে জিরো টলারেন্স। এনআইডি সংক্রান্ত দুর্নীতি নির্মূল করতে চাই। এত হয়রানির আবেদন আর দেখতে চাই না।"
অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এনআইডি সেবার আধুনিকায়নের তথ্য তুলে ধরে জানান, নতুন নিবন্ধনের সময় ‘ফ্যামিলি ট্রি’ তৈরি এবং নবায়নের সময়ও ফ্যামিলি ট্রি প্রস্তুতের প্রক্রিয়া খুব শিগগিরই চালু করা হবে।
সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ওটিপি (OTP) চালুর কাজ চলছে জানিয়ে ইসি সচিব বলেন, "সংশোধন প্রক্রিয়ায় ওটিপির প্রচলনে কাজ চলছে। কী কারণে একটি তথ্য বা আবেদন বাতিল হলো, সেই সুনির্দিষ্ট কারণগুলো নাগরিককে জানিয়ে দেওয়া হবে, যেন তিনি বুঝতে পারেন কোন কারণে এটি সম্ভব হয়নি। এই জায়গায় কিছুটা ধোঁয়াশা আছে, তাই আমাদের সফটওয়্যারে কিছু অ্যাডজাস্টমেন্ট আনতে হবে এবং আমরা তা আনব। নাগরিক সেবাটাকে আমাদের সর্বোচ্চ প্রাধান্য দিতেই হবে।"
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ পরিসংখ্যান তুলে ধরে জানান, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে ১৭ লক্ষাধিক এনআইডি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৪ লাখ আবেদন গৃহীত হয়েছে এবং তথ্যগত ত্রুটিসহ বিভিন্ন কারণে আনুমানিক ৩ লাখ আবেদন বাতিল (রিজেক্ট) করা হয়েছে।