
নিজস্ব প্রতিবেদক: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও নিজেদের সমানভাবে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে এই দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পুঁথিগত পড়ালেখা নয়, নিয়মিত খেলাধুলা ও সুস্থ শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
বর্তমান বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার ওপরও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে দেশ-বিদেশের কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবেন। পাশাপাশি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সরকারের শিক্ষানীতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় যেন কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং কর্মমুখী দক্ষতার ক্ষেত্রেও অত্যন্ত আত্মবিশ্বাসী ও পারদর্শী হয়ে ওঠে।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।