
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে সুশীল সমাজের সংগঠনগুলোর পারস্পরিক ঐক্য, সক্ষমতা ও স্থায়িত্ব জোরদার এবং মানবাধিকার, জাতীয় সততা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত ‘সুশীল’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সমাপনী সভা অনুষ্ঠিত হয়। ‘সুশীল: সাপোর্টিং দ্য ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন্স (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুলস অব ল ইন বাংলাদেশ’ শীর্ষক এই প্রকল্পের আওতায় একশনএইড বাংলাদেশ ও ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) যৌথভাবে এই সমাপনী সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক মো. সাইফুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সন্তোষ কুমার নাথ বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মানবাধিকার, আইনের শাসন ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এ ক্ষেত্রে সুশীল সমাজের সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি নিজেদের সক্ষমতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
সভাপতির বক্তব্যে সিএসও হাব বাগেরহাটের সভাপতি এমডি কামরুজ্জামান বলেন, সুশীল সমাজের সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বয় বাড়ানোই এই প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য ছিল। প্রকল্পের মাধ্যমে সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং মানবাধিকার, জাতীয় সততা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সচেতনতা তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা ও সামাজিক দায়বদ্ধতা যেন কোনোভাবেই থেমে না যায়।
সভায় আরও বক্তব্য দেন ইনিশিয়েটিভ ফর রাইট ভিউয়ের (আইআরভি) নির্বাহী পরিচালক মেরিনা পারভীন যূথী এবং আমন্ত্রিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘সুনীল’ প্রকল্পের জেলা সমন্বয়ক কাজী জাভেদ খালিদ জয়, সিএসও হাবের সদস্যবৃন্দ এবং বাগেরহাট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় ব্র্যাকের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এবং একশনএইডের সম্মিলিত উদ্যোগে দেশব্যাপী এই প্রকল্পটি বাস্তবায়িত হয়।