
বিশেষ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর বেধড়ক মারধরে মিনারা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছেন।
নিহত মিনারা আক্তার ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে মা মিনারা আক্তার এবং তাঁর মেয়ে শাহানা বেগমের সঙ্গে ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে কামরুল ও তাঁর স্ত্রী নিলুফার বৃদ্ধা মিনারা আক্তারকে শারীরিকভাবে মারধর করেন।
মারধরের পর রাত সোয়া ১২টার দিকে মিনারা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বজনেরা তাঁকে পুনরায় বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে তাঁকে আবারও হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা জানান, আঘাতের কারণে মিনারা আক্তারের বাঁ চোখ মারাত্মকভাবে ফুলে গিয়েছিল এবং তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না। এ ছাড়া তাঁর উচ্চ রক্তচাপও ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে ও পুত্রবধূ গা ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা