
বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন রুমের ভেতরে অতর্কিত ঢুকে দুই চালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মুরগির ফার্ম এলাকায় এই ঘটনা ঘটে।
আহত রেলকর্মীরা হলেন—বিটিও ট্যাংকার ট্রেনের লোকো মাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকো মাস্টার কবীর হোসেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত লোকো মাস্টার নজরুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেনটি ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় চারজন মুখোশধারী দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। পরে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় দুর্বৃত্তরা তাঁদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত জানান, ঘটনার পরপরই ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নিয়ে আসা হয় এবং বর্তমানে সেটি সেখানেই অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। তবে রেলওয়ের আওতাধীন ঘটনা হওয়ায় বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।
এআইএল/সকালবেলা