
বিশেষ প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় গভীর রাতে বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংক ভবনে সামান্য আগুনের সূত্রপাত ও স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
শাখা ব্যবস্থাপক শফিউল হাসান ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি ব্যাংকের নৈশপ্রহরীর নজরে এলে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় ভবনের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে দুটি কাঁচের বোতল ও কিছু পোড়া কাপড়ের টুকরো আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এআইএল/সকালবেলা