
বিশেষ প্রতিনিধি: বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) বিভিন্ন টার্মিনালে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে পাঁচ শতাধিক শ্রমিক অংশ নিয়েছেন।
শ্রমিকদের এই কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টার্মিনালে পণ্য ওঠানামার স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে তাঁদের নিয়মিত বেতন ও অন্যান্য ন্যায্য পাওনা পরিশোধ করছে না সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ। বকেয়া অর্থ পরিশোধের দাবিতে তাঁরা এর আগেও একাধিকবার কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছিলেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাওনা পরিশোধে কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বকেয়া বেতন, নিয়মিত বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে অতিরিক্ত কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ অন্যান্য বকেয়া আর্থিক পাওনা দ্রুত পরিশোধ করা।
সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, কর্মবিরতির কারণে তাঁদের আওতাধীন সাতটি বার্থে পণ্য ওঠানামার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বর্তমানে এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।
আরেক শ্রমিক সোহেল জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে বন্দর কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। তবে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান সশরীরে ঘটনাস্থলে না আসা পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা এই কঠোর কর্মসূচিতে নেমেছেন বলে জানান তিনি।
এআইএল/সকালবেলা