
অনলাইন ডেস্ক: বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে এবং এর ফলে দেশের বিভিন্ন সেক্টরে মার্কিন বিনিয়োগ ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
সচিবালয়ে ব্রিফিংকালে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ওপর বৈশ্বিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবেই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত এসেছে।
তিনি জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সম্মিলিতভাবে যে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করছে, এর ফলে দেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে। বিশেষ করে দেশে শ্রমবান্ধব নীতিমালা তৈরি হওয়ার কারণেই বাংলাদেশ ডিএফসি-এর এই অর্থায়নের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। মাহদী আমিন দাবি করেন, চলমান সহিংসতা ও নাশকতাই প্রমাণ করে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কেন দেশ ছেড়ে পালাতে হয়েছিল। তার ভাষ্যমতে, দলটি এখনো দেশ ও বিদেশে নানা ধরনের নাশকতা চালিয়ে যাচ্ছে।
ফ্যাসিবাদের প্রশ্নে গণতান্ত্রিক ঐক্যই দেশকে সামনে এগিয়ে নেবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, দেশের অনেক জায়গায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, তবে সরকার সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে।