
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনের ক্ষেত্রে নিজ দায়িত্বে সঠিক তথ্য যাচাই করা এবং তৃতীয় পক্ষ বা মধ্যস্থতাকারীর সেবা নেওয়া ও এর জন্য অতিরিক্ত অর্থ দেওয়া থেকে বিরত থাকার স্পষ্ট নির্দেশনা দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আনুষ্ঠানিক পোস্টে মার্কিন দূতাবাস বলেছে, ‘আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই। নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন।’
ভিসা প্রক্রিয়াকরণের নামে প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায় রোধে তৃতীয় পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকুন।’
উল্লেখ্য, এর আগে ভিজিটর ভিসা নিয়ে অপর এক বার্তায় মার্কিন দূতাবাস ভিসাপ্রত্যাশীদের সতর্ক করে বলেছিল, ‘আপনি যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন বলে কনস্যুলার অফিসার নিশ্চিত না হলে, তিনি আপনার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনার নিজের দায়িত্ব।’