
অনলাইন ডেস্ক: ইয়েমেনের চলমান সংঘাত পরিস্থিতি এক নতুন ও মারাত্মক মোড় নিয়েছে। সরকার এর আগেই হুথি বিদ্রোহীদের কাছে লোহিত সাগরীয় অঞ্চল ও লাহজ প্রদেশের নিয়ন্ত্রণ হারিয়েছে। এবার দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে আরও এগিয়ে চলেছে হুথিরা। বর্তমানে শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার (প্রায় ৪০ মাইল) দূরে আল-মাদারিবাহ এলাকার আল-খারাজ ক্যাম্পে অবস্থান নিয়েছে বিদ্রোহী বাহিনী।
এ পরিস্থিতিতে এডেনের চারপাশে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে সরকার। নতুন করে দেশটিতে বড় ধরনের সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপির কাছে ৪টি সামরিক সূত্র ও ২টি সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্রবেদন অনুযায়ী, হুথিরা লাহজ প্রদেশের দুটি জেলার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখান থেকে এডেনের দিকে এগোচ্ছে। এর আগে ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধের শুরুর দিকেও এডেন দখলের চেষ্টা করেছিল হুথিরা, তবে সে সময় তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছিল।
বর্তমান নাজুক পরিস্থিতি মোকাবিলা করতে লোহিত সাগর উপকূলের কয়েকটি কৌশলগত এলাকা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইয়েমেন সরকার। বর্তমানে এডেন ও আশপাশের প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সেনা প্রত্যাহারের পর হুথিদের সামরিক সূত্রগুলো জানিয়েছে, সরকারি বাহিনী যেসব এলাকা ছেড়ে গেছে, তার বেশিরভাগেরই নিয়ন্ত্রণ নিয়েছে তারা। গোষ্ঠীটির দুটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, সরকারি বাহিনীর ছেড়ে যাওয়া ধুবাব থেকে খোর আমিরার কাছাকাছি এলাকা পর্যন্ত ১৫০ কিলোমিটারের বেশি উপকূলজুড়ে হুথি যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি এবং এডেনের মাঝামাঝি লাহজ প্রদেশের উপকূল ধরে এগোচ্ছে হুথিরা। এছাড়া পার্বত্য অঞ্চল আল-মাকাতিরাহর নিয়ন্ত্রণও নিয়েছে তারা। এই অঞ্চলের মধ্য দিয়ে এডেনের সঙ্গে তায়েজ শহরের সংযোগকারী প্রধান সড়কটি গেছে, যা গত কয়েক সপ্তাহ ধরে হুথিদের অবরোধের মুখে রয়েছে। ইয়েমেন সরকার জানিয়েছে, তায়েজের এই অবরোধ ভাঙতে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহজ প্রদেশের সবচেয়ে বড় জেলা আল-মাদারিবাহ ও আল-আরাহর বিস্তীর্ণ এলাকা দখল করেছে হুথিরা। সরকারি সামরিক সূত্রের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এডেন শহরে একাধিকবার হামলা চালিয়েছে তারা; যার মধ্যে গত ১৫ অক্টোবর প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে চালানো হামলায় চারজন নিহত হন।
হুথিদের অগ্রযাত্রা রোধ করতে এডেনের প্রবেশপথে বালুর বস্তা দিয়ে শক্ত প্রতিরক্ষা বলয় তৈরি করা হচ্ছে এবং সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে।
এদিকে তীব্র লড়াই ও উত্তেজনার মধ্যেই সরকারি বাহিনীর আটক ৬০০ সদস্যকে মুক্তি দিয়েছে হুথিরা। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর থেকে তারা বন্দি ছিলেন। গত রবিবার তাদের মুক্তি দেওয়া হয়। হুথিরা এই পদক্ষেপকে একটি মানবিক উদ্যোগ হিসেবে বর্ণনা করলেও, প্রতিপক্ষ সরকারি বাহিনী একই ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছে।
উল্লেখ্য, ইয়েমেনের সবচেয়ে জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকাই বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সৌদি আরব-সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্থলযুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের পাশাপাশি লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা দখল করেছে এবং সৌদি আরবের অভ্যন্তরেও নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে গোষ্ঠীটি।