
অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে আওয়ামী লীগের চলমান অরাজকতা ও তাণ্ডবের বিরুদ্ধে রাজপথে না নেমে উল্টো বিএনপিকে দোষারোপ করে জামায়াত-শিবির দায় এড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রবিবার দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কঠোর মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে মো. রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জে আওয়ামী অরাজকতা ও তাণ্ডবের প্রতিবাদে কোথাও কি জামায়াত-শিবির রাজপথে নেমেছে? বরং তারা আওয়ামী অরাজকতার জন্য বিএনপিকে দোষারোপ করে নিজেদের দায় এড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় সরকার চাইলে কঠোর পদক্ষেপ নিতে পারত, কিন্তু তা করতে গেলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারত, যা ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের রক্ষা করতে গিয়ে সংঘটিত হয়েছিল। এ ধরনের যেকোনো অনভিপ্রেত হতাহতের ঘটনাকে আওয়ামী লীগসহ দেশের ভেতরের ও বাইরের বিভিন্ন অপশক্তি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার বা ‘ক্যাশ’ করতে পারে। এ কারণেই সরকারকে অত্যন্ত ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।
আওয়ামী দুর্বৃত্তদের এই অরাজকতা কঠোর হাতে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সেটির জন্য শুধু বিএনপি ও ছাত্রদল একা মাঠে থাকলেই হবে না; বরং জামায়াত-শিবির, এনসিপিসহ গত গণ-অভ্যুত্থানের সব শক্তিকে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে।
এ সময় জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘কিন্তু জামায়াত কি ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের মাধ্যমে যে ফাঁদে পা দিয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর না হওয়ার যে কমিটমেন্ট করে এসেছে, সেখান থেকে বের হতে পারবে? জামায়াত যদি সেই ভারতীয় ফাঁদ থেকে বের হয়ে রাজপথে নামে, আমিও তাদের সাধুবাদ জানাব, ইনশাআল্লাহ।’
সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গোপালগঞ্জে জড়ো করে এবং পুরো গোপালগঞ্জ জেলাকে জিম্মি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেন মো. রাশেদ খাঁন। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের তাণ্ডব ও অরাজকতা অব্যাহত রাখলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে ওই এলাকার সাধারণ মানুষই।
তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের কারণে চিকিৎসা, গ্যাস, বিদ্যুৎ, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহসহ অন্যান্য জরুরি নাগরিক সেবা প্রদানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মারাত্মক ব্যাঘাত ঘটছে। সুতরাং গোপালগঞ্জের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আওয়ামী দুর্বৃত্তদের এই সন্ত্রাস ও নৈরাজ্য অবিলম্বে বন্ধ করতে হবে। পরিশেষে আশা প্রকাশ করে তিনি বলেন, গোপালগঞ্জবাসী তাদের নিজেদের নাগরিক মর্যাদা ও অধিকারের বিষয়ে সচেতন হবেন এবং সব ধরনের অরাজকতা ও অগ্নিসন্ত্রাসকে ঐক্যবদ্ধভাবে রুখে দেবেন।