
সংসদ প্রতিবেদক: জাতীয় সংসদের চলমান অধিবেশনে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোল ও উত্তেজনার ঘটনায় সংসদ সদস্যদের পরমতসহিষ্ণুতা প্রদর্শন এবং সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১৫ নভেম্বর) সংসদ অধিবেশনে এক সংসদ সদস্যের ‘পয়েন্ট অব অর্ডারে’ উত্থাপিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এই রুলিং ও নির্দেশনা প্রদান করেন।
অধিবেশন চলাকালে সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সংসদ সদস্য মুফতি আমির হামজার নাম উচ্চারণ করে কয়েকজন সদস্যের করা বিরূপ মন্তব্য এবং অধিবেশন কক্ষে হট্টগোল সৃষ্টির বিষয়টি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে একজন সদস্য যখন আমির হামজার নাম নিয়ে প্রশ্ন উত্থাপন করছিলেন, তখন কিছু সংখ্যক সংসদ সদস্য যেভাবে তাঁর নাম উচ্চারণ করেছেন এবং অধিবেশন কক্ষে শব্দ করেছেন, তা একজন নির্বাচিত সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ণ করে। এ বিষয়ে সংসদের অভিভাবক হিসেবে স্পিকারের কাছে আনুষ্ঠানিক রুলিং দাবি করেন তিনি।
এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, দীর্ঘ ১৫ বছরের দুঃসময় পেরিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের প্রতি দেশের সাধারণ মানুষের অনেক আস্থা ও প্রত্যাশা রয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান সময়ে সাধারণ মানুষ সংসদের কার্যক্রম অনেক বেশি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্যদের আচরণ ও শিষ্টাচারের ওপর ভিত্তি করেই জনগণ এই সংসদ সম্পর্কে ধারণা পোষণ করবে।
অতীতের সংসদগুলোর তিক্ত অভিজ্ঞতা ও অশ্রাব্য বাক্যবিনিময়ের সংস্কৃতি পেছনে ফেলে আসার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, “আমরা এমন একটি আদর্শ সংসদ গড়তে চাই, যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। এর জন্য সরকারি দল (ট্রেজারি বেঞ্চ), বিরোধী দল (অপোজিশন বেঞ্চ) এবং স্বতন্ত্র সদস্য—সবারই সমান দায়িত্ব রয়েছে।”
স্পিকার আরও স্পষ্ট করেন, কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় যদি সংসদীয় রীতিনীতিবহির্ভূত বা আপত্তিকর কোনো শব্দ ব্যবহার করেন, তবে তা কার্যবিবরণী থেকে বাদ (এক্সপঞ্জ) দেওয়া হবে এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্ট সদস্যদের এর উত্তর দেওয়ার সুযোগও দেওয়া হবে।
বক্তব্যের শেষে স্পিকার সংসদ সদস্যদের ধৈর্য ধরে অন্যের বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে বলেন, “আপনাদের মধ্যে আরও অনেক বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শন করা প্রয়োজন। বাক্স্বাধীনতা নিয়ে আমরা সবাই গর্ব করি। অনুগ্রহ করে কোনো সদস্যের মান-সম্মান ক্ষুণ্ণ হয়, এমন আচরণ আপনারা কেউ করবেন না বলে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।”
এআইএল/সকালবেলা