
অনলাইন ডেস্ক: মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা আগামী সোমবার প্রকাশ করা হবে এবং চলতি নভেম্বর মাসের শেষ দিকেই দেশটিতে কর্মী পাঠানো পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই আশাব্যঞ্জক তথ্য জানান।
সংসদ অধিবেশনে একজন সংসদ সদস্য মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুনির্দিষ্ট সময়সীমা ও মেডিকেল সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রসঙ্গ উত্থাপন করেন। একই সঙ্গে সরকারিভাবে নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার পরিবর্তে দালাল চক্রের মাধ্যমে বাজারে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে বিষয়টি কঠোরভাবে তদারকির জন্য একটি পৃথক সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।
সংসদের স্পিকারের মাধ্যমে দেওয়া জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী স্পষ্ট করেন যে, আগামী সোমবারই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বৈধ ও অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। পাশাপাশি তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়ায় যাওয়া শুরু করবে।
অভিবাসন ব্যয়ের নামে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে ১ লাখ ৫৪ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত এই সরকারি সীমার বাইরে যদি কোনো এজেন্সি বা চক্র অতিরিক্ত অর্থ আদায় করে কিংবা কোনো ধরনের অনিয়মে জড়ায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা