
ইমতিয়াজ মাহমুদ ইমন (কক্সবাজার ব্যুরো): কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৯ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নেভাতে বিশেষ অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি ও কারিগরি সরঞ্জাম আনা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বুয়েট এবং শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি সমন্বিত দল কূপ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছে। তবে চূড়ান্ত অপারেশন কবে নাগাদ শুরু হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।
বাপেক্স সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইনানির ঘটনাস্থলে ভারী ড্রিলিং পাইপ বা ২০ ইঞ্চি কেসিং, মোবাইল ক্রেন, উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর এবং ব্লোআউট প্রিভেন্টরসহ (বিওপি) অত্যাধুনিক সরঞ্জাম পৌঁছায়। এসব সরঞ্জাম স্থাপনের মাধ্যমে কূপের উচ্চচাপের গ্যাস প্রবাহ নিয়ন্ত্রণে এনে আগুন নেভানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান জানান, আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি পুরোদমে চলছে। ইতিমধ্যে আনা ২০ ইঞ্চি কেসিংটি বিদ্যমান কূপের ভেতরে স্থাপনের চেষ্টা করা হবে, যাতে গ্যাসের প্রবাহকে একটি নির্দিষ্ট পথে নিয়ন্ত্রিতভাবে বের করে আনা যায়। পরবর্তীতে 'সার্কুলেশন' পদ্ধতিতে বিশেষ সিমেন্ট, মাড (কাদা) ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে গ্যাসের প্রবাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, “যন্ত্রপাতি স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এ জন্য আরও অন্তত ১৫ থেকে ২০টি বড় পাইপ ও আনুষঙ্গিক সরঞ্জাম প্রয়োজন হবে। সব প্রস্তুতি সম্পন্ন হলে মূল অভিযান শুরু হবে। অপারেশন সফলভাবে পরিচালিত হলে মাত্র ৩০ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”
কূপে গ্যাসের প্রকৃত মজুদ ও বাণিজ্যিক সম্ভাবনা প্রসঙ্গে মো. আনিসুর রহমান বলেন, বর্তমান কূপটি মূলত ছয় ইঞ্চি ব্যাসের একটি সাধারণ গর্ত, যেখান থেকে সরাসরি গ্যাস উৎপাদন সম্ভব নয়। আগুন নেভানোর পর ভূতত্ত্ববিদ ও রিজার্ভার প্রকৌশলীরা বিস্তারিত জরিপ ও পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সম্ভাবনা নিশ্চিত হলে পরবর্তীতে নতুন করে কূপ খননের উদ্যোগ নেওয়া হতে পারে। আপাতত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগুন নেভানোই প্রধান লক্ষ্য।
শনিবার সকালে পেট্রোবাংলা, বুয়েট ও শেভরনের বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থল পরিদর্শন করে যন্ত্রপাতি স্থাপনের স্থান এবং পুরো অপারেশনের কর্মপরিকল্পনা পর্যালোচনা করে। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. সোয়েব জানান, আগে ১৫ দিন আগুনের গতিপ্রকৃতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত ছিল। সেই ধারাবাহিকতায় এখন বাপেক্সের নেতৃত্বে আগুন নেভানোর মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
পরিদর্শন দলে থাকা বুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাহমুদ বলেন, “আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য গ্যাসের মজুদ দেখা নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা। উচ্চচাপে থাকা এই বিপজ্জনক গ্যাস বাপেক্স কীভাবে নিরাপদে নিয়ন্ত্রণ (কন্টেইনমেন্ট) করতে পারে, আমরা সেই কারিগরি দিকগুলো পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।”
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীতে একটি নলকূপ স্থাপনের জন্য খনন করা গর্ত থেকে হঠাৎ প্রচণ্ড বেগে গ্যাস বের হতে শুরু করে এবং পাশের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ১৯ দিন ধরে আগুন জ্বলতে থাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো দুর্ঘটনা এড়াতে কূপের আশপাশে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে।
এআইএল/সকালবেলা