
আব্দুল্লাহ আল মামুন (যশোর প্রতিনিধি): যশোরের মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে স্বামীহারা দুই বৃদ্ধা বোনের মানবেতর জীবন কাটছে। মাথা গোঁজার ঠাঁইটুকুও আজ চরম অনিরাপদ। প্রায় ছয় মাস আগে ঝড়ে ঘরের টিনের চাল উড়ে যাওয়ার পর থেকে ভাঙাচোরা ঘরেই অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন তাঁরা। এর ওপর নেই কোনো স্বাস্থ্যসম্মত শৌচাগার বা সুপেয় পানির ব্যবস্থা। বার্ধক্যের ভারে নুয়ে পড়া এই দুই বোনের জীবনে যেন দুঃখ-কষ্টই এখন নিত্যসঙ্গী।
অসহায় দুই বোন হলেন খাদিজা খাতুন ও শহরবানু। খাদিজা খাতুনের স্বামী ইয়াছিন সরদার প্রায় ১০ বছর আগে মারা গেছেন। অন্যদিকে শহরবানুর স্বামী আবুল হোসেন মারা গেছেন প্রায় ৪০ বছর আগে। স্বামী হারানোর পর থেকেই অন্যের বাড়িতে বা বিভিন্ন কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করে আসছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে এক আকস্মিক ঝড়ের আঘাতে তাঁদের একমাত্র বসতঘরের টিন উড়ে যায়। ফলে ঘরটি সম্পূর্ণ বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে সামান্য বৃষ্টি কিংবা দুর্যোগের সময় চরম দুর্ভোগ পোহাতে হয় তাঁদের। ঘরের চাল না থাকার পাশাপাশি বাড়িতে প্রয়োজনীয় কোনো স্যানিটেশন ব্যবস্থা কিংবা টিউবওয়েলও নেই। ফলে বিশুদ্ধ পানি ও মৌলিক নাগরিক সুবিধা থেকেও সম্পূর্ণ বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন এই দুই বৃদ্ধা।
স্থানীয়দের অভিযোগ, ঝড়ের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তাঁদের বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত ঘরটি দ্রুত মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও সেই আশ্বাসের বিন্দুমাত্র বাস্তবায়ন ঘটেনি। ঘর মেরামতে বা সহায়তায় এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি।
বৃদ্ধ বয়সে অন্যের বাড়িতে কায়িক শ্রম বা কাজ করে জীবন বাঁচানো এই দুই বোনের পক্ষে নিজেদের উদ্যোগে ঘর মেরামত করা কিংবা একটি শৌচাগার ও টিউবওয়েলের ব্যবস্থা করা কোনোভাবেই সম্ভব নয়।
এ অবস্থায় চরম অসহায় দুই বোন সমাজের হৃদয়বান ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি মানবিক সহযোগিতা কামনা করেছেন। তাঁদের একমাত্র প্রত্যাশা, কেউ যদি মানবিক বিবেচনায় এগিয়ে আসেন, তবে অন্তত মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই এবং ন্যূনতম মৌলিক সুবিধার দেখা মিলবে।
এআইএল/সকালবেলা