
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্যস্ততম মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে চলার সময় দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাতের এই দুর্ঘটনায় কোপা এয়ারলাইনসের একটি বিমানের দুজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে বিমান সংস্থাটি জানিয়েছে, তাদের আঘাতগুলো গুরুতর নয়।
এর আগে গত শুক্রবার দেশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে লাখ লাখ যাত্রী আটকা পড়েছিলেন। ঠিক তার পরদিনই এই বিমান সংঘর্ষের ঘটনা ঘটল।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পানামা সিটি থেকে আসা ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমান নিরাপদে টার্মিনালে এগোচ্ছিল। এ সময় ইউপিএসের একটি বোয়িং ৭৬৭ কার্গো বিমানের নাকের অংশের সঙ্গে কোপা বিমানের ডানার অগ্রভাগের সজোরে ধাক্কা লাগে। এর ফলে কোপা বিমানের বাম পাশের ডানার অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডে কোপা বিমানের পাইলটকে বলতে শোনা যায়, কলম্বিয়ার বোগোটার উদ্দেশে রওনা দেওয়ার জন্য ট্যাক্সি করার সময় ইউপিএস বিমানটি কিছুটা বেশি এগিয়ে গিয়ে তাদের ধাক্কা দেয়।
ঘটনার পর কোপা এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি বর্তমানে নিরাপদ অবস্থানে টার্মিনালে রয়েছে এবং সকল যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে গেছেন। সংঘর্ষের ঘটনায় সামান্য আহত দুজনকে বিমানবন্দরের প্যারামেডিকরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এ ছাড়া বাকি যাত্রী ও ছয়জন ক্রু সদস্য সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।
যাত্রী ও কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার তদন্তে পুরোপুরি সহযোগিতা করার কথা জানিয়েছে কোপা এয়ারলাইনস।