
অনলাইন ডেস্ক: আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ রাষ্ট্র। বর্তমান সরকার সবাইকে নিয়ে একটি সুন্দর, সম্প্রীতিময় ও উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ঐতিহাসিক বিবিবিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শুধু একটি নির্দিষ্ট ধর্মের জন্য নয়; বরং মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ দেশের সব ধর্মীয় উপাসনালয়ের সরকারি বরাদ্দ সমানভাবে বণ্টনের নীতি অনুসরণ করে আসছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূল নীতিকে সামনে রেখেই সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রতিটি নাগরিক যেন যেকোনো প্রকার ভীতি বা বৈষম্য ছাড়াই নির্বিঘ্ন ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
বিবিবিলা শান্তি বিহারের সাধারণ সম্পাদক রাজিব কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এবং ভদন্ত রত্মানন্দ মহাথেরের সভাপতিত্বে দানোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুণ্যার্থীরা।