
বিশেষ প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি বলেছেন, শেখ হাসিনা মেগা প্রকল্পের নামে দেশে মেগা দুর্নীতি করেছেন। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তিনি আবার ফেরার হুংকার দিচ্ছেন এবং দেশে নতুন করে আগুন-সন্ত্রাস শুরু করেছেন। তবে তাঁর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ; তাই তাঁর দেশে ফেরার স্বপ্ন কখনোই পূরণ হবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরভিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকৃত ধর্মচর্চা মানুষের মন-মানসিকতার ইতিবাচক পরিবর্তন ঘটায় এবং একজন সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সব ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। পাশাপাশি সরকারি অনুদান ও সহায়তা সমভাবে বণ্টনের চেষ্টা করেছেন। এ সময় তিনি বিবিরভিলা শান্তি বিহারসহ আশপাশের এলাকার সার্বিক উন্নয়নে তাঁর প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, শ্রী বাবু রকি বড়ুয়া, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, ফয়জুল কবির ফজলু এবং মাওলানা শামসুদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এআইএল/সকালবেলা