
বিশেষ প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই মূলত বিএনপির প্রাণ। তাঁদের সুসংগঠিত করে এবং সঙ্গে নিয়েই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সর্বদা সমুন্নত রাখা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদককে বর্তমান সময়ের অন্যতম প্রধান সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে এবং কঠোরহস্তে কিশোর গ্যাং সংস্কৃতি নির্মূল করতে হবে। এ ছাড়াও টাঙ্গাইলের চরাঞ্চলে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলা, টাঙ্গাইলকে তার হারানো গৌরবোজ্জ্বল শিক্ষা নগীর অবস্থানে ফিরিয়ে আনা এবং শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করারও দৃঢ় আশ্বাস দেন তিনি।
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই সহস্রাধিক পোলিং এজেন্ট ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা