
অনলাইন ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি নির্মাণাধীন ভবন ধসে ছয়জনের প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) নাইরোবি-মোম্বাসা মহাসড়কের এমলোলোঙ্গোতে এসজিআর টার্মিনাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্থানীয় প্রভাবশালী সংবাদমাধ্যম ‘সিটিজেন টিভি’ এই তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না এবং সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কেনিয়া রেড ক্রস, ন্যাশনাল পুলিশ সার্ভিস এবং অন্যান্য জরুরি সাড়া প্রদানকারী দল সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
কেনিয়া রেড ক্রস জানিয়েছে, ধূপস্তূপ থেকে এ পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো অন্তত একজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটি কেন ধসে পড়ল কিংবা নির্মাণ বিধিমালা ও গুণগত মান যথাযথভাবে মেনে এটি তৈরি করা হচ্ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
নাইরোবির ইস্টলেই এলাকায় আরেকটি বড় ভবন ধসের মাত্র কয়েক সপ্তাহ পরই সিওকিমাউতে এই নতুন দুর্ঘটনা ঘটল। এর আগে গত ২৩ অক্টোবর ইস্টলেইয়ের নবম স্ট্রিটে ১৮ তলা বিশিষ্ট একটি বিশাল নির্মাণাধীন ভবন ধসে পড়েছিল। সেসময় টানা ১৫ দিনব্যাপী যৌথ উদ্ধার অভিযান চালিয়ে আটজনের মরদেহ এবং চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। ভবন ধসের এমন ঘনঘন ঘটনায় দেশজুড়ে নির্মাণ খাতের নিরাপত্তা ও তদারকি নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।