
কাঞ্চন কুমার (কুষ্টিয়া প্রতিনিধি): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে এমপি নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় এই মামলাটি করেন।
এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত বিভিন্ন অঙ্গসংগঠনের আটজন নেতাকর্মীকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এ ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা এই মামলায় এজাহারভুক্ত আটজনসহ মোট ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের সময় এনসিপির অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সংসদ সদস্যের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। তাঁর বাড়িটিতে একটি গবাদিপশুর খামার রয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুটি ছাগল ও কয়েকটি মুরগি পুড়ে মারা গেছে। এই আকস্মিক নাশকতা ও অগ্নিকাণ্ডের ঘটনায় এমপি নুসরাত তাবাসসুমের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
এআইএল/সকালবেলা