
অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় উঠে এল দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি নেকলেস। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে পরিধান করা সেই গয়নাটিতে আরবি ভাষায় ‘ফি আমানিল্লাহ’ (অর্থাৎ ‘আল্লাহর নিরাপত্তায়’) খোদাই করা ছিল। পুরোনো সেই ছবি ও তথ্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে নানা আলোচনা।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানে ভারতীয় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা ব্যতিক্রমী এক নেকলেসে দারুণ নজর কেড়েছিলেন এই তারকা। ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ থাকা ‘লখনউ রোজ’ নামের ওই নেকলেসটিতে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক নকশার মেলবন্ধন ঘটানো হয়েছিল।
মূল্যবান রত্নপাথর ও অপরিশোধিত হীরায় তৈরি মহারানি আদলের গয়নাটি পশ্চিমা পোশাকের সঙ্গে পরেছিলেন দীপিকা। তবে এর একটি পাথরে আরবি ভাষায় খোদাই করা ‘ফি আমানিল্লাহ’ শব্দবন্ধটিই এখন সাম্প্রতিক বিতর্কের জেরে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
গত দীপাবলির উৎসবে কারিনা কাপুর খানের গলায় ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট দেখা যায়, যেখানে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল বলে দাবি করা হয়। ডিজাইনার পুনিত বালানার তৈরি পোশাকে কারিনা নজর কাড়লেও লকেটটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন গয়নাটি ভোপালের রাজপরিবারের।
এরপর গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। হাফিজ জানিয়েছেন, তিনি মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকেই এই পদক্ষেপ নিয়েছেন।
কারিনার লকেট ঘিরে তৈরি হওয়া এই আইনি ও সামাজিক বিতর্কের মাঝেই দীপিকা পাড়ুকোনের পুরোনো গয়নার প্রসঙ্গ সামনে আসায় দুই অভিনেত্রীর গয়নাতেই আরবি শব্দ ও ধর্মীয় অনুষঙ্গ থাকার বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা।
সকালবেলা/ নুসরাত