
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। কিডনির জটিলতা, স্ট্রোক, ডেঙ্গু ও একাধিক সংক্রমণে ক্রমেই খারাপ হচ্ছিল তার শারীরিক অবস্থা। অবশেষ সব লড়াইয়ের অবসান ঘটিয়ে চিরবিদায় নিলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ আলী।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এর আগে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। শিল্পীর মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
দীর্ঘদিন ধরেই কিডনির গুরুতর সমস্যায় ভুগছিলেন সাহেদ এবং তাকে নিয়মিত ডায়ালিসিস নিতে হতো। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃদু স্ট্রোক হয়, যার ফলে স্বাভাবিকভাবে কথা বলতেও সমস্যা হচ্ছিল। এর মধ্যে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।
প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ ড. রুবাইয়াত রহমান তাঁর এক লেখায় জানান, কিডনির অসুস্থতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছিলেন এই শিল্পী। সর্বশেষ অভ্যন্তরীণ অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
অসুস্থতার মধ্যেও দীর্ঘ প্রস্তুতি নিয়ে নতুন গান প্রকাশের পরিকল্পনা করছিলেন সাহেদ। প্রায় ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান শ্রোতাদের সামনে আনার পরিকল্পনা ছিল তার। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রাহকদের জন্য সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড বের করার উদ্যোগ নিয়েছিলেন তিনি।
গত ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করার কথা থাকলেও অসুস্থতার কারণে তা বাতিল করতে হয়। বন্ধু এরশাদুল হক জানিয়েছিলেন, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য তার দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল এবং কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় সেই পরিকল্পনা আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নতুন গান প্রকাশ এবং সুস্থ হয়ে সংগীতে ফিরে আসার স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
শেখ সাহেদ আলী নব্বইয়ের দশক থেকে নিয়মিত সংগীতচর্চা শুরু করেন। তিনি জনপ্রিয় ব্যান্ড ‘গাছ’-এর প্রতিষ্ঠাতা। সংগীতাঙ্গনে তিনি ‘রোকযানা সাহেদ’ নামেই বেশি পরিচিত ছিলেন। তাঁর গাওয়া ‘রোকযানা’ গানটি শ্রোতাকুলের কাছে বিশেষ পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়। এ ছাড়া তাঁর অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম একক অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে নিজের স্বতন্ত্র গায়কী ও পরিবেশনার মধ্য দিয়ে বাংলা ব্যান্ড ও আধুনিক সংগীতে এক আলাদা স্থান তৈরি করে গেছেন এই গুণী শিল্পী।