
অনলাইন ডেস্ক: সাম্প্রতিক মাসগুলোতে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে গোপনে বরখাস্ত বা অপসারণ করেছে মার্কিন নৌবাহিনী। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এসব কর্মী পরিবর্তনের খবর পুরোপুরি গোপন রাখায় মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের তীব্র সমালোচনা ও প্রতিক্রিয়ার মুখে পড়েছে এই প্রভাবশালী সামরিক বাহিনী।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার ডেমোক্র্যাট দলের দুই প্রভাবশালী আইনপ্রণেতা জানিয়েছেন, গত মাসে পানির নিচে সংঘর্ষের একটি ঘটনার পর পারমাণবিক শক্তিচালিত একটি অ্যাটাক সাবমেরিনের পুরো নেতৃত্বস্থানীয় দলকে বরখাস্ত করা হলেও মার্কিন নৌবাহিনী তা কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিকে জানায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, অত্যন্ত সংবেদনশীল এই কর্মী সংক্রান্ত বিষয়ে গত সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা একটি ডেস্ট্রয়ার রণতরীর কমান্ডারকেও বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এবং কংগ্রেস ও সুপ্রিম কোর্টের চিকিৎসক ড. ব্রায়ান মোনাহানও নৌবাহিনীর একটি অভ্যন্তরীণ তদন্ত চলাকালীন তার পদ ছেড়েছেন, যে বিষয়েও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ দেয়নি নৌবাহিনী।
কমান্ডার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ও পরিচিত কর্মকর্তাদের বড় ধরনের অপসারণের খবর প্রকাশের যে দীর্ঘদিনের ঐতিহ্য ও নীতি নৌবাহিনীর ছিল, এই তিনটি ঘটনাই তার সম্পূর্ণ ব্যতিক্রম। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনা নিয়ে ক্রমবর্ধমান গোপনীয়তার ধারাবাহিকতার মাঝেই এই চাঞ্চল্যকর ঘটনাগুলো প্রকাশ্যে এলো।
নৌবাহিনীর শীর্ষ নেতাদের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে কানেকটিকাটের প্রতিনিধি জো কোর্টনি এবং ওয়াশিংটনের অ্যাডাম স্মিথ লিখেছেন, নৌবাহিনীর এই যোগাযোগ ব্যর্থতার ফলে তথ্য আদান-প্রদানের যে বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত ছিল, তা এখন স্বচ্ছতার প্রতি নৌবাহিনীর অঙ্গীকার এবং কংগ্রেসের সাথে একটি ফলপ্রসূ কাজের সম্পর্কের প্রতিশ্রুতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
আগামী সপ্তাহে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও-এর স্থায়ী নিয়োগ সংক্রান্ত নিশ্চিতকরণ শুনানিতে এই ঘটনাগুলো অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারপ্রাপ্ত সচিব হাং কাও এবং নৌবাহিনীর শীর্ষ ইউনিফর্মধারী কর্মকর্তা অ্যাডমিরাল ড্যারিল কডলকে লেখা ওই চিঠিতে আইনপ্রণেতারা জানান, ‘ইউএসএস সাউথ ডাকোটা’ সাবমেরিনের কমান্ডার, সেকেন্ড-ইন-কমান্ড এবং শীর্ষ নাবিককে বরখাস্ত করার বিষয়ে হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে অন্ধকারে রাখায় তারা গভীর হতাশ।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সাবমেরিনটি সমুদ্রতলের কোনো কিছুর সাথে ধাক্কা খাওয়ার পরই মূলত এই বরখাস্তের ঘটনা ঘটেছিল, অথচ এ বিষয়ে নৌবাহিনী জনসমক্ষে বা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে এখনো রাজি হয়নি।
সকালবেলা/নুসরাত