
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সরকারি লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইটভাটা চালু রাখার গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে আইন অমান্য করে এসব ইটভাটা উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসায় এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকিও ক্রমশ বেড়ে চলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মুমুরদিয়া এলাকায় ইট উৎপাদনের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ‘রূপসী বাংলা’ নামে একটি ইটভাটায় আগুন জ্বালানো হয়েছে। অভিযোগ রয়েছে, ভাটাটির ন্যূনতম ট্রেড লাইসেন্সসহ কোনো প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই। এমনকি ধোঁয়া নির্গমন নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব কোনো মানদণ্ড অনুসরণ না করায় ভাটা থেকে নির্গত ঘন কালো ধোঁয়া সরাসরি ছড়িয়ে পড়ছে আশপাশের বসতবাড়ি, উর্বর কৃষিজমি ও নিকটবর্তী বিদ্যালয় এলাকায়। এতে কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. মমিন ভুইয়া বলেন, "সরকারি অনুমোদনহীনভাবে কোনো ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের দপ্তর থেকে 'রূপসী বাংলা' নামে কোনো ইটভাটার অনুমতি বা ছাড়পত্র দেওয়া হয়নি। যদি এই নামে কেউ অবৈধভাবে ভাটা চালিয়ে থাকেন, তবে আমরা দ্রুত তদন্ত করে উচ্ছেদ অভিযান পরিচালনা করব।"
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ বলেন, "এলাকায় যদি এ ধরনের কোনো অবৈধ ইটভাটা চালু থেকে থাকে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং তথ্য যাচাই-বাছাই করে অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সার্বিক বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, "অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের অত্যন্ত কঠোর নির্দেশনা রয়েছে। পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় আমাদের এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।"
উল্লেখ্য, প্রচলিত ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তিন ফসলি কৃষিজমির দুই কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অনুযায়ী বৈধভাবে ইটভাটা চালাতে হলে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র (ECC), জেলা প্রশাসকের লাইসেন্স, ফায়ার সার্ভিস ও খনি অধিদপ্তরের ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। অনুমোদনহীন ইটভাটার মালিকদের জন্য অর্থদণ্ড ও কারাদণ্ডের পাশাপাশি ভাটা গুঁড়িয়ে দেওয়ার কঠোর আইনি ক্ষমতা প্রশাসনের হাতে রয়েছে।