
অনলাইন প্রতিবেদক: ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের জন্য উপযোগী করে গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে ঢাকার চারপাশে একটি কার্যকর বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নদীর দুই পাশ রক্ষা করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এবং যেসব স্থানে ওয়াকওয়ের অসম্পূর্ণ সংযোগ বা ‘মিসিং লিংক’ রয়েছে, সেগুলোও দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “নদীর তীরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।”
নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ওয়াকওয়ে নির্মাণের ফলে একদিকে যেমন নদীর সীমানা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে, তেমনি নদীর তীরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও তা ইতিবাচক ভূমিকা রাখছে।
দূষণ রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে বিভিন্ন কারখানার রাসায়নিক বর্জ্য, তরল বর্জ্য ও কঠিন বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এসব বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে কার্যক্রম চলমান রয়েছে।
নৌযান চলাচল সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, নদীকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, বরং পর্যটন ও বিনোদনের একটি আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেগুলো সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলা হবে।
অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ প্রত্যাশিত সাফল্য না পাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সড়কপথের তুলনায় নৌপথে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশের অভাব ছিল প্রধান বাধা। তবে বর্তমানে দূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ এবং আধুনিক নৌযান ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে। এর ফলে ঢাকার চারপাশের নদীগুলো পুনরায় প্রাণ ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মুহিদুল ইসলামসহ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।