
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্বে আসার আগে যেসব উন্নয়ন ও পরিবেশবান্ধব পরিকল্পনা ঘোষণা করেছিলেন, সেগুলোই এখন দেশে বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে তুরস্ক সফর শেষে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব সালেহ শিবলী জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে তুরস্কে অবস্থান করছিলেন।
ব্রিফিংয়ে সালেহ শিবলী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্বে আসার আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ করবেন, ২০ হাজার মাইল খাল খনন করবেন—এসব পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। তিনি বিশ্ব জলবায়ু সম্মেলনেও সেই অঙ্গীকার ও কথাগুলো তুলে ধরেছেন। সেই পরিকল্পনাগুলো এখন দেশে বাস্তবায়ন হচ্ছে।”
এর আগে আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
সফরের বিস্তারিত তুলে ধরে প্রেস সচিব জানান, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ-৩১ সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর, যে সময়ে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ও জরুরি পদক্ষেপের কথা জোরালোভাবে তুলে ধরেন।
সালেহ শিবলী আরও বলেন, সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রীর অনেকগুলো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক ছিল। এ ছাড়া জলবায়ু ও টেকসই উন্নয়নবিষয়ক বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে তিনি অংশ নেন। সম্মেলনে বাংলাদেশের দাবিগুলোর অগ্রগতি ও বিস্তারিত তথ্য আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন প্রেস সচিব। তিনি বলেন, “এবার তুরস্ক সফরে গিয়েছেন মাত্র ২১ জন। এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক।”
পাশাপাশি বিমানবন্দরে জনসমাগমের পুরনো সংস্কৃতি পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আরেকটি বড় দিক হচ্ছে, প্রধানমন্ত্রী যখন বিদেশে আসবেন-যাবেন, তখন অতীতে এখানে হাজার হাজার, লাখ লাখ মানুষের আসা-যাওয়ার প্রবণতা ছিল। কিন্তু আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি।”
উল্লেখ্য, কপ-৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।