
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগদান শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।
আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনের মূল অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ ছাড়া সম্মেলনের নানা কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে প্রদর্শিত দেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
এআইএল/সকালবেলা