
বিশেষ প্রতিনিধি: যশোরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে (৩৮) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের ঘোপ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাসিমা সুলতানা মহুয়া যশোর শহরের পালবাড়ী গাজীরহাট রোড এলাকার কর্নেল সোহরাব আলীর মেয়ে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটেছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দিন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বোমা ও জিআই পাইপ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং বিএনপির নেতাকর্মীদের হত্যার চেষ্টা চালায়। পরে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কয়েকজনকে আহত করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে ভোটকেন্দ্রে হামলা ও নাশকতার ওই ঘটনায় নাসিমা সুলতানার জড়িত থাকার বিষয়ে সত্যতা ও পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।
এআইএল/সকালবেলা