
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে একটি ‘উন্মুক্ত কারাগার’ হিসেবে আখ্যায়িত করেছেন সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং এলাকা পরিদর্শন শেষে ফিলিস্তিনিদের চরম মানবিক বিপর্যয় ও সেখানে ত্রাণসহায়তা প্রবেশে বাধার ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হ্যামিল্টন লেখেন, গত তিন বছর ধরে গাজায় ইসরায়েল যে নৃশংসতা চালাচ্ছে তা অত্যন্ত ভয়াবহ। মানুষকে তাদের স্বাধীনতা, নিরাপত্তা এবং ন্যূনতম মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে। কোনো মানুষের জীবনকেই অন্যের জীবনের চেয়ে তুচ্ছ বা কম গুরুত্বপূর্ণ ভাবা উচিত নয়।
রাফাহ সীমান্ত পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে এই ব্রিটিশ রেসিং তারকা জানান, সীমান্তজুড়ে তিনি মাইলের পর মাইল উঁচু দেয়াল দেখেছেন, যা ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রাখার জন্যই নির্মাণ করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে পুরো এলাকাটিকে একটি খোলা আকাশের নিচে কারাগারের মতো মনে হচ্ছিল।
হ্যামিল্টন আরও উল্লেখ করেন, রাফাহ সীমান্তে গাজায় প্রবেশের অপেক্ষায় খাদ্যসামগ্রীবাহী অসংখ্য ট্রাক দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তিনি। কিন্তু সেগুলোকে প্রায়ই ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কিংবা ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। সীমান্তে তিনি যে প্রথম ট্রাকচালকের সঙ্গে কথা বলেছেন, তিনিই ১২ ঘণ্টার বেশি সময় ধরে প্রবেশের অপেক্ষায় ছিলেন।
নিকটবর্তী একটি ত্রাণ সরবরাহকেন্দ্রে মানবিক কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করলেও অযৌক্তিক অজুহাতে জরুরি সামগ্রী ফিরিয়ে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন হ্যামিল্টন। তিনি জানান, ইসরায়েলি কর্তৃপক্ষের প্রত্যাখ্যাত সামগ্রীর তালিকায় স্লিপিং ব্যাগ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, চিকিৎসা উপকরণ, হুইলচেয়ার এবং এমনকি শিশুদের খেলার ফুটবলও রয়েছে।
যুদ্ধবিরতির শর্ত মেনে ইসরায়েলকে অবিলম্বে তার দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে হ্যামিল্টন বলেন, কোনো অজুহাত না দেখিয়ে ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশের সুযোগ দিতে হবে। পাশাপাশি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের এই অবর্ণনীয় কষ্টের সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়া কিংবা তাদের দুর্দশা থেকে মুখ ফিরিয়ে নেওয়া মোটেও উচিত নয়; বরং অসহায় বোধ করলেও প্রত্যেকের অবস্থান থেকে কিছু করার চেষ্টা চালিয়ে যেতে হবে।
সূত্র: আলজাজিরা
এআইএল/সকালবেলা