
সরদার সাইদী হাসান বাবু (খুলনা ব্যুরো): “অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে অসহায়, দরিদ্র ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর গোয়ালখালি জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির প্রধান উপদেষ্টা, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং খালিশপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম।
দোয়া ও মোনাজাত শেষে মহাবুবুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়। পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝেও এই খাবার পৌঁছে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহিদুল ইসলাম বলেন, “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন একটি অত্যন্ত মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকাসহ সারাদেশে এই খাবার বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ খুলনা জেলা কমিটি এই আয়োজন করেছে। ফাউন্ডেশনের এই মানবিক কাজকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। সমাজের বিত্তবান ও সচেতন সবার প্রতি আমার অনুরোধ, আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং তাদের কষ্ট লাঘবে এগিয়ে আসি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া তুহিন, সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ, সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সহসভাপতি আপেল মাহামুদ, সহসাধারণ সম্পাদক আল মাহাফুজ শাওন, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন মোহন, সহসাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন পলাশ, অর্থ সম্পাদক সরদার সাঈদী হাসান বাবু, দপ্তর সম্পাদক মো. সাইদুল ইসলাম স্বাধীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রনি, সমাজকল্যাণ সম্পাদক বদরুজ্জামান খাকী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ তৈয়ব আলী পর্বত, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ দারাশিকো, শ্রম বিষয়ক সম্পাদক আলমগীর খান এবং কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম ইমন।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা।
এআইএল/সকালবেলা