
মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ ‘ব্লক রেড’ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মী এবং মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার অপরাধপ্রবণ এলাকা ও গোপন আস্তানায় ব্লক রেড পরিচালনা করে।
অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার হয়েছেন পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আসাদ সরকার (৪৯) এবং মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদি গ্রামের মৃত হাবিবুল্লাহ মাস্টারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)।
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন জামপুর ইউনিয়নের সিংলাব গ্রামের শাহ আলমের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. সাগর (২৮) এবং একই ইউনিয়নের পাকুন্ডা গ্রামের ইমরান ভূঁইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার ইমন ভূইয়া (৪৩)।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে মো. রমজান (৩৮), মো. মারুফ হাসান (২২), মো. আবু হানিফ (২৪), মো. রাব্বি (২১), মো. শিমুল (২১), মো. রুবেল (৩৮), মো. রিফাত (১৯), মো. মেহেদী হাসান (২২), মো. শাহিন ভূইয়া (২৫), আমজাদ (৩৫), মো. ইমন মিয়া (১৯) ও মো. ইমন (২৭) নামে ১২ জন মাদকসেবী এবং নিয়মিত মামলায় হামিদ মিয়া (৩৮) ও শান্ত মিয়া (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ১৮ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা