
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে পেট্রল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পেছনে আওয়ামী লীগের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, “ঘটনাটি দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। হামলার পেছনে আওয়ামী লীগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তীতেও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।”
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৮ অক্টোবর থেকে বিভিন্ন সময় একটি স্প্যাম নম্বরসহ বিভিন্ন মাধ্যম থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে তিনি গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া হামলার ঠিক তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক বা হুমকি স্বরূপ পোস্ট দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
ঘটনার বিবরণ দিয়ে এই সংসদ সদস্য বলেন, “সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন ও প্রকৃতি দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাত ছিল। এই বাড়িতে আমার গবাদিপশুর খামার ও পরিচর্যাকারী একটি অসহায় পরিবার থাকত। হামলায় একটি শিশু আহত হয়েছে এবং আমার অনেকগুলো গবাদিপশু মারা গেছে। বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।”
পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, “সংসদে দাঁড়িয়ে খুব স্মার্টলি কথা বললেই বাংলাদেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি মিথ্যা হয়ে যাবে না। সাধারণ মানুষের মতো আজ সংসদ সদস্যদের জীবনও অনিরাপদ।”
ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এই হামলার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না—এমন প্রশ্নের জবাবে নুসরাত তাবাসসুম বলেন, “নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে এবং মানুষের বাড়িঘর ধ্বংস করে কেউ কখনো ফিরে আসতে পারেনি। হামলার পর পলাতক সন্ত্রাসীরা দায় স্বীকার করে ফেসবুকে উল্লাস করছে। আমি স্থানীয় এলাকাবাসী বা সাধারণ মানুষকে সন্দেহ করি না, তবে ব্যক্তিগতভাবে মনে করছি এটি আওয়ামী লীগেরই কাজ।”
এআইএল/সকালবেলা