
অনলাইন ডেস্কঃ দেশের কৃষি উৎপাদন ও সরবরাহ সচল রাখতে মোট ২ লাখ ৯৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজার থেকে মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সার আমদানির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর কাছ থেকেও ইউরিয়া সার কেনা হবে। সার আমদানির এই আটটি প্রস্তাব বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার এই প্রস্তাবগুলোতে অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে মোট ১ লাখ ৪০ হাজার টন টিএসপি ও ডিএপি সার আমদানি করা হবে। এর মধ্যে রয়েছে— দশম লটে ৩০ হাজার টন টিএসপি সার: আমদানিতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩৯৫ টাকা (প্রতি টন ৬৫৬.৬৭ মার্কিন ডলার)। একাদশ লটে আরও ৩০ হাজার টন টিএসপি সার: আমদানিতে ব্যয় হবে ২৪৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা (প্রতি টন ৬৫৬.৩৩ মার্কিন ডলার)। ঐচ্ছিক ষষ্ঠ লটে ৪০ হাজার টন ডিএপি সার: আমদানিতে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকা (প্রতি টন ৮৫১.৬৭ মার্কিন ডলার)। অষ্টম লটে আরও ৪০ হাজার টন ডিএপি সার: সমপরিমাণ অর্থে অর্থাৎ ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকায় ৪০ হাজার টন ডিএপি সার কেনা হবে (প্রতি টন ৮৫১.৬৭ মার্কিন ডলার)।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া সার সংগ্রহ করা হবে:সৌদি আরব: দেশটির সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে দুই লটে মোট ৮০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এর মধ্যে প্রথম লটে ৪০ হাজার টনের দাম পড়বে ২১৪ কোটি ১০ হাজার টাকা (প্রতি টন ৪৩২.৫০ ডলার) এবং দ্বিতীয় লটে সমপরিমাণ সার কিনতে ব্যয় হবে ২১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা (প্রতি টন ৪৩০.৮৩ ডলার)। সংযুক্ত আরব আমিরাত: দেশটির ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনস লিমিটেড থেকে ৪৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার সিএফআর ভিত্তিতে আমদানি করতে ব্যয় হবে ২৮৯ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা (প্রতি টন ৫১৯.১৭ মার্কিন ডলার)।দেশীয় প্রতিষ্ঠান কাফকো: কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম লটের ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ টাকা। এ ক্ষেত্রে প্রতি টনের দাম পড়বে ৪১০.৮৭৫ মার্কিন ডলার (যার মধ্যে মূল সারমূল্য ৪০৫.৮৭৫ ডলার এবং ব্যাগিং চার্জ ৫ ডলার)।
সব মিলিয়ে মরক্কো থেকে ১ লাখ ৪০ হাজার টন টিএসপি ও ডিএপি এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাফকো থেকে ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া সার সংগ্রহের এই আটটি প্রস্তাব দেশের কৃষি খাতের সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।