
অনলাইন ডেস্কঃ বাংলাদেশের ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা, বর্জ্যের সুষ্ঠু পুনর্ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবন-জীবিকা এবং পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে দেশে বার্ষিক দুধের উৎপাদন প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন, যেখানে বিপরীতে জাতীয় চাহিদা রয়েছে ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। এই সামান্য ঘাটতি পূরণে কেবল গদবাধা উৎপাদন বাড়ালেই চলবে না; বরং সার্বিক উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, আধুনিক বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় সর্বাত্মক গুরুত্ব দিতে হবে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশের প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছেন। বিশেষ করে গ্রামীণ নারীরা এই খামার ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি, তরুণ সমাজ পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ ও কৃষি-বাণিজ্যে নতুন নতুন সম্ভাবনা তৈরি করছেন। খামারি, নারী ও তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে তাঁদের উন্নত প্রযুক্তি, পেশাগত প্রশিক্ষণ, সহজ শর্তে অর্থায়ন এবং উন্নত বাজারসুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
ডেইরি খাতের প্রধান অন্তরায়গুলো তুলে ধরে তিনি বলেন, পশুখাদ্যের উচ্চমূল্য, উৎপাদনশীলতার ঘাটতি, অপর্যাপ্ত কোল্ড-চেইন সিস্টেম এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এই খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম পশুখাদ্য সরবরাহ, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে যেমন উৎপাদন বাড়ানো সম্ভব, অন্যদিকে তেমনি পরিবেশদূষণ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, টেকসই ডেইরি উন্নয়নে একটি সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এই বহুমুখী উদ্যোগেরই অংশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এছাড়া অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী, গবেষক এবং দুগ্ধশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।