
অনলাইন ডেস্কঃ প্রশাসন ও পুলিশ বিভাগে এখনো লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের কঠোরভাবে চিহ্নিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করার পর অবিলম্বে তাদের চাকরিচ্যুত ও আইনের আওতায় এনে গ্রেপ্তারের ব্যবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গুপ্ত ফ্যাসিস্টমুক্ত প্রশাসন ও সারাদেশে সার সংকট সৃষ্টিকারী ফ্যাসিস্টমুক্ত সার সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার’ দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
বর্তমান সরকারের কার্যকাল তুলে ধরে হুইপ দুলু বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস হয়েছে। সরকারের হাতে এখনো সাড়ে চার বছরের বেশি সময় রয়েছে। তাই দেশের সার্বিক প্রশাসনিক পরিবর্তন ও ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনর্গঠন করতে বর্তমান সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।
বিগত দেড়-দুই দশকের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত ১৮ থেকে ২০ বছরে সুপরিকল্পিতভাবে দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছিল। সেই গভীর সংকটময় পরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করে একটি স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘সবার আগে বাংলাদেশ’ এই মূল নীতির ভিত্তিতে একটি নতুন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সাবেক সরকারের সমালোচনা করে জাতীয় সংসদের হুইপ বলেন, বিগত সরকার কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা অপচয় করেছে। বর্তমান প্রশাসন সেই লুটপাটের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য শক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশের অর্থনীতিকে পুনরায় সচল করে একটি আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে গভীর রাতে অগ্নিসংযোগ, নানা ধরনের বিশৃঙ্খলা ও গোপন ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন। এই ধরনের সকল ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিরোধ করতে জনগণ, বিএনপি এবং সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।