
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন একমাত্র রাষ্ট্রীয় জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে সম্পূর্ণ বিনা বা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী প্রেরণের এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে এই বৃহৎ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এই উদ্যোগের প্রথম ধাপে মালয়েশিয়ার স্বনামধন্য লজিস্টিকস প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ (DHL SUPPLY CHAIN MALAYSIA SDN. BHD.)-এ ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) চূড়ান্ত কর্মী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে রাজধানীর বোয়েসেল কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে অধিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত চিত্র তুলে ধরে তিনি জানান, গত ২ নভেম্বর মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানি থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সর্বমোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। পরবর্তীতে সমান সুযোগ নিশ্চিত করতে ৮ নভেম্বর বিকেলে অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে মোট ৩০০ জন কর্মীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিত এই ৩০০ প্রার্থীর মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, যারা আজ ১২ নভেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবেন। বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না এবং নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে গণ্য হবেন।
ব্যবস্থাপনা পরিচালক কঠোরভাবে জানান, এই নিয়োগ কার্যক্রমটি সরকারিভাবে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসন সংক্রান্ত সরকার নির্ধারিত সকল ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি বহন করবে এবং বোয়েসেল কর্মীর নিকট থেকে কোনো প্রকার অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ গ্রহণ করবে না—অর্থাৎ নীতিটি হলো “Zero means Zero”। নিয়োগের কোনো পর্যায়ে কোনো দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন এবং একজন সাধারণ শ্রমিক যেন কেবল নিজের শ্রম ও দক্ষতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান—সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পরিশেষে, এই মহতী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি, উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তর, বাংলাদেশ হাইকমিশন এবং মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এই কার্যক্রম মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানি ও নিরাপদ অভিবাসনে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করে বোয়েসেল।