
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ও অতীতের সংঘাতের আগে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যে মুক্ত ও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল, তা আর কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না বলে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, এই আন্তর্জাতিক নৌপথের ব্যবস্থাপনা ও সার্বিক তদারকির বিষয়ে ইতোমধ্যে ওমানের সঙ্গে একটি সুনির্দিষ্ট সমঝোতায় পৌঁছেছে তেহরান।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হরমুজ প্রণালির ভবিষ্যৎ রূপরেখা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা এবং নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের কঠোর ও সুদূরপ্রসারী অবস্থান তুলে ধরেন গালিবাফ।
সাক্ষাৎকারে হরমুজ প্রণালির অভ্যন্তরে আন্তর্জাতিক বা উন্মুক্ত জলসীমার অস্তিত্ব সম্পূর্ণ অস্বীকার করেছেন ইরানের এই শীর্ষ কর্মকর্তা। তাঁর ভাষায়, “ওখানে কোনো ‘উন্মুক্ত জলসীমা’ (আন্তর্জাতিক জলসীমা) বলে কিছু নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির ভেতরের সব নিয়মকানুন নির্ধারিত হবে এর দুই তীরবর্তী দেশের নিজস্ব আইন অনুযায়ী।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরুর বিষয়ে গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের চূড়ান্ত অবস্থান এবং সাতটি সুনির্দিষ্ট শর্ত পৌঁছে দিয়েছে তেহরান। এখন যুক্তরাষ্ট্র কী ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়, সেটির অপেক্ষায় রয়েছে ইরান। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “এখন বল সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের কোর্টে।”
ইরানের পক্ষ থেকে দেওয়া প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে:
১. যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপিত নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার।
২. বিদেশি ব্যাংকে জব্দ করা ইরানের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ অবিলম্বে ফিরিয়ে দেওয়া।
৩. সব ফ্রন্টে সামরিক সংঘাত চিরতরে বন্ধ করা।
৪. যুদ্ধের আনুষ্ঠানিক ও স্থায়ী অবসান ঘটেছে—এমন স্পষ্ট ঘোষণা দেওয়া।
গালিবাফের দাবি, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের মূল কাঠামোর অন্তর্ভুক্ত ছিল এই শর্তগুলো। ওয়াশিংটনের সঙ্গে যেকোনো আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে এসব শর্তের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, আগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তার বাইরে যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো অযৌক্তিক দাবি না তোলে কিংবা অবিশ্বাস সৃষ্টির মতো কোনো আচরণ না করে, তবে একটি টেকসই চুক্তিতে পৌঁছানো তেহরানের জন্য অসম্ভব নয়। তবে দ্বিপক্ষীয় এই সম্ভাব্য সমঝোতার পথে সবচেয়ে বড় মানসিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের দীর্ঘদিনের ‘গভীর অনাস্থার’ কথা স্মরণ করিয়ে দেন তিনি।
সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার প্রস্তাবের বিষয়টিও সামনে আনেন গালিবাফ। তিনি জানান, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর উদ্যোগে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে স্বয়ং মার্কিন কর্মকর্তারাই মস্কো সফরে গিয়ে পুতিনকে অনুরোধ করেছিলেন।
যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানে কোনো সামরিক হামলা চালায়, তবে ওয়াশিংটনকে ইতিহাসের পুনরাবৃত্তির মতো আবারও চরম পরাজয়ের মুখে পড়তে হবে বলে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন গালিবাফ। তিনি বলেন, এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন মার্কিন কংগ্রেসের রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হবে। ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন দীর্ঘস্থায়ী অনিশ্চিত ও ঝুলে থাকা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্যে সামরিক সক্ষমতা বহুগুণ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রতিরোধের পূর্ণ প্রস্তুতিও জোরদার করেছে তেহরান।
সাক্ষাৎকারের শেষভাগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং ইরানপন্থী হুথি বিদ্রোহীদের মধ্যকার চলমান সংঘাত প্রসঙ্গেও কথা বলেন গালিবাফের। সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকার এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের লড়াইয়ে বাইরের কোনো পক্ষের অযাচিত হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, “এতে বাইরের কারও হস্তক্ষেপ করা উচিত নয়।” তবে ইয়েমেন সরকার কিংবা সৌদি আরব—উভয় পক্ষই যদি আন্তরিকভাবে সহায়তা চায়, তবে সেই অঞ্চলের রক্তক্ষয়ী সংঘাত নিরসনে মধ্যস্থতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সকালবেলা/ নুসরাত