
বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার আব্দুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) এবং মৃত ঠান্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।
বুধবার (১১ নভেম্বর) সকালে টেকনাফের সাবরাং সংলগ্ন নাফ নদীতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাকিব আলম সুজন জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি দল বুধবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত নদীতে অভিযান চালায়।
অভিযানকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হলে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে সাবরাং আলোগোলা জোড়া এলাকা থেকে নৌকাটি আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরফাত হোসেন জানান, আটক মাদক কারবারি, জব্দ করা নৌকা ও উদ্ধারকৃত ইয়াবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা