
বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতীর স্থায়ী মূর্তি’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির শীর্ষ নেতারা একে ‘আধিপত্যবাদী ও হিন্দুত্ববাদী নীলনকশার অংশ’ বলে দাবি করেছেন।
বুধবার (১১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সরকারের কাছে এই উদ্যোগের নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রংপুরের পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণের ষড়যন্ত্রের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্ববৃহৎ সরস্বতীর স্থায়ী মূর্তি স্থাপনের তৎপরতা শুরু হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি দেশে হিন্দুত্ববাদী ‘সফট-পাওয়ার’ সংহত করতে একটি বিশেষ সম্প্রদায়কে ‘ট্রোজান হর্স’ হিসেবে ব্যবহার করছে।
জগন্নাথ হলের প্রাতিষ্ঠানিক অধিকার প্রসঙ্গে তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের এই হলটি কেবল কোনো একক সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নয়; বরং এখানে বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও অবস্থান করেন। ফলে নির্দিষ্ট কোনো সম্প্রদায় এটিকে একক ভোগদখলের সম্পত্তি বানাতে পারে না।
বিবৃতিতে সেক্যুলার ও প্রগতিশীলদের ভূমিকার সমালোচনা করে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অনুষ্ঠান বা বিভিন্ন কার্যক্রমে যারা সোচ্চার থাকেন, তারা এই মূর্তি নির্মাণের ইস্যুতে রহস্যজনকভাবে নীরব রয়েছেন।
হেফাজত নেতারা স্পষ্ট করেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার তারা স্বীকার করেন এবং জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীরা অতীতেও শান্তিপূণভাবে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। তবে হঠাৎ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের লক্ষ্য নিয়ে এত বড় স্থায়ী মূর্তি নির্মাণের পরিকল্পনার নেপথ্যে কট্টর সাম্প্রদায়িক গোষ্ঠী ও আধিপত্যবাদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমান সরকার, রাজনৈতিক দল ও গোয়েন্দা সংস্থাসমূহের প্রতি জোরালো দাবি জানান তাঁরা।
এআইএল/সকালবেলা