
মো. মাইনুল হক (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (৬ নম্বর ইউনিয়ন) অপসারিত চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সামনে ইউনিয়নটির সাধারণ জনগণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে ইউপি সদস্য গোলাম মাওলা বলেন, “ইউনিয়ন পরিষদের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসে যাঁরা দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন, সাধারণ জনগণ তাঁদের আর সহ্য করবে না। অভিযুক্ত চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমরা অবিলম্বে তাঁর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. ইসরাফিল ইসলাম, মোছা. হাফিজা বেগম, মোছা. মৌসুমী আক্তার ও লিপা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ আজ সচেতন হয়েছে। অপসারিত এই চেয়ারম্যানের যাবতীয় দুর্নীতির নিরপেক্ষ তদন্ত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
এআইএল/সকালবেলা