
সাঈদ পান্থ (বরিশাল): বরিশালের উজিরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মোশাররফ সিকদার (৬০) নামে এক ব্যক্তির বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে রান্নাঘরসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর মোড়াকাঠী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মোশাররফ সিকদার ওই এলাকার মৃত মৌজে আলী সিকদারের ছেলে।
ঘটনার খবর পেয়ে পরদিন বুধবার (দুপুর ১টার দিকে) ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা তুলে দেওয়া হয়।
পরিদর্শনকালে বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন সিকদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম আসাদ, সদস্য জিএম আকাশ এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক সুজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে এবং তাদের দুর্দশা লাঘবে প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদেরও পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এআইএল/সকালবেলা