
ফজলে রাব্বি (কালিয়াকৈর, গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি এবং জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।
মঙ্গলবার (১০ নভেম্বর) কালিয়াকৈর প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফাইজুল ইসলাম দেলোয়ার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাইজুল ইসলাম দেলোয়ার জানান, তাঁর বাবা ও ফুফুর মধ্যে সম্পাদিত আপস বণ্টননামা অনুযায়ী ডাকুরাইল ও বড়ইবাড়ী মৌজার জমি ভাগাভাগি হয় এবং পরবর্তীতে তাঁরা নিজ নিজ অংশের জমি উত্তরসূরিদের হেবা দলিল করে দেন।
তাঁর অভিযোগ, ফুফাতো বোনের ছেলে মোস্তফা ও তাঁর লোকজন বণ্টননামার শর্ত অস্বীকার করে ডাকুরাইল মৌজার জমি জবরদখল করে নেন। এ বিষয়ে গাজীপুর জজ আদালতে মামলা করা হলে আদালত দেলোয়ার হোসেনের পক্ষে রায় দেন এবং আপিলেও সেই রায় বহাল থাকে। কিন্তু আদালতের রায় অমান্য করে বিবাদীরা জবরদখল অব্যাহত রাখেন। গত ১৭ অক্টোবর তিনি নিজের জমিতে ঘর সংস্কার করতে গেলে মোস্তফা গং তাঁকে প্রাণনাশের হুমকি দেন এবং কালিয়াকৈর থানায় তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে এই পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত, জবরদখল বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিজের পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন দেলোয়ার হোসেন।
এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সুলতান সিকদার, সিফাত আহমেদ, শামীম দেওয়ান ও আজিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা