
মাসুম বিল্লাহ (বাগেরহাট জেলা প্রতিনিধি): বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা এবং তাঁর স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে মোট ৭ কোটি ৮৬ লাখ ৬ হাজার ২৮৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার রাতে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক (ডিএডি) সমীরন কুমার মণ্ডল বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। শাহীনুল আলম ছানা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে শাহীনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৮ মার্চ দুদকে জমা দেওয়া বিবরণীতে শাহীনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৯ টাকা এবং তাঁর স্ত্রী ঝর্ণা আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের হিসাব দাখিল করেন।
শাহীনুল আলম ছানার বিরুদ্ধে দায়ের করা মামলায় (নম্বও ০২/২০২৬) বলা হয়েছে, তিনি সম্পদ বিবরণীতে ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৯ টাকার হিসাব দেখান এবং ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকার দায় উল্লেখ করেন। তবে দুদকের যাচাইয়ে তাঁর নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকার সম্পদের সন্ধান মেলে। ব্যাংকঋণসহ ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকার দায় বাদ দিলে তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ছানা ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা তথ্য দিয়েছেন এবং ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত সময়কালে এই অপরাধ সংঘটিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, তাঁর স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে দায়ের করা মামলায় (নম্বর ০৩/২০২৬) বলা হয়েছে, তিনি সম্পদ বিবরণীতে ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখালেও দুদকের অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এতে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। দোকানভাড়া ও কৃষি খাতের আয় বিবেচনায় নিয়ে তাঁর নামে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত সময়কাল এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য বলে জানানো হয়েছে।
দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (ডিএডি) মো. আবুল কাইয়ুম হাওলাদার জানান, তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা রেকর্ড করা হয়েছে। মামলাগুলোর তদন্ত শুরু হয়েছে এবং তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে। বর্তমানে আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শাহীনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্ণা আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ব্যবহৃত নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।
এআইএল/সকালবেলা