
অনলাইন ডেস্ক : ভোরের মৃদু কুয়াশা, হালকা হিমেল হাওয়া আর মিষ্টি রোদের লুকোচুরির মধ্য দিয়ে প্রকৃতিতে ধীরে ধীরে নামছে শীতের আমেজ। তবে রাজধানী ঢাকায় এখনো শীত সেভাবে জেঁকে না বসলেও আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করবে।
চলতি শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
হেমন্তের হিমেল হাওয়ার ছোঁয়া উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন গ্রামে আগেভাগেই অনুভূত হলেও কংক্রিটের নগরী ঢাকায় শীতের আমেজ কেবল রাতের বেলাতেই সীমাবদ্ধ। বুধবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ, যার ফলে দিনে রোদের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে।
ভূগোল ও ঋতু পরিবর্তনের ধারায় উত্তরাঞ্চলে শীতের আবহ আগে অনুভূত হলেও বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে এবার সামগ্রিক অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এদিকে শীতের আগমনের এই সময়ে আবহাওয়ায় কিছুটা বৈচিত্র্য দেখা গেছে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং দেশের অন্যান্য ছয়টি বিভাগের বিচ্ছিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে বৃষ্টি ও মেঘ কেটে যাওয়ার পর ডিসেম্বরের শুরু থেকেই দেশের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে এবং শীত তার পূর্ণ রূপ নিয়ে হাজির হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।