
অনলাইন ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মাত্র কয়েক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেটেও হাতবোমা ছোড়ে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টা থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে ঝিনাইদহ ও ইবি ক্যাম্পাস এলাকায় পৃথক এ দুটি নাশকতার ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিক ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি। এ সময় কালো হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীর একজন চলন্ত বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি বাসের সামনের চাকার অংশে আঘাত হানলে বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখা যায়। তবে চালক চরম সাহসিকতা ও বুদ্ধিমত্তা দেখিয়ে দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করায় বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান যাত্রীরা।
এরপর মঙ্গলবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেটের বাইরে থেকে ভেতরে একটি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ নিরাপত্তা সেলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই পানিতে ফেলে নিষ্ক্রিয় করেন। ফলে এ ঘটনায়ও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এই দুটি নাশকতার ঘটনায় এখন পর্যন্ত নির্দিষ্ট কাউকে শনাক্ত করা না গেলেও বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের জোরালো ধারণা, নিষিদ্ধঘোষিত সংগঠনের দেশব্যাপী ঘোষিত অরাজকতামূলক কর্মসূচির অংশ হিসেবেই ইবিতে এসব বোমা নিক্ষেপের ঘটনা ঘটানো হয়েছে।
এই ঘটনার পর পুরো ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে জোরদার করা হয়েছে। বর্তমানে মূল ফটকে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং পরিচয়পত্র বা আইডি কার্ড ছাড়া কাউকেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বোমা নিক্ষেপের এই কাপুরুষোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। সংগঠন দুটির নেতাকর্মীরা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহীনুজ্জামান বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন দেশব্যাপী অরাজকতা সৃষ্টির অংশ হিসেবে ইবিতেও দুয়েকটি বিচ্ছিন্ন নাশকতা ঘটানোর চেষ্টা করেছে। তবে আমাদের নিরাপত্তা সেলের সদস্যদের তৎপরতায় তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। শিক্ষার্থীদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
তিনি আরও জানান, বাসে বোমা নিক্ষেপের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ক্যাম্পাসের ঘটনার বিষয়ে ইবি থানায় জিডি করার প্রক্রিয়া চলছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, “নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, এর অংশ হিসেবেই এসব বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার টহল জোরদার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”